
ছবি: সংগৃহীত
রাজধানীসহ সারা দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২ জন সরাসরি হামে এবং বাকিরা এ সংক্রান্ত বিভিন্ন লক্ষণ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। তবে সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে মারা যাওয়ার সংখ্যা আরও অনেক বেশি, যা ২৬৩ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১২৭ জন), আর রাজশাহী বিভাগে মারা গেছেন ৭১ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন ১ হাজার ১৮৬ জন, যাদের মধ্যে ৯৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতেই সবচেয়ে বেশি ৪১৭ জন রোগী ভর্তি হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম ৫ জন রোগী ভর্তি হয়েছেন রংপুর বিভাগে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে। এর মধ্যে ৫ হাজার ৭২৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের অস্তিত্ব শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।









































