বুধবার । মে ৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৬ মে ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল


arsenal_ufea

রক্ষণাত্মক কৌশল আর হিসেবি ফুটবলে জমে ওঠা ম্যাচে শেষ হাসি হাসল আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে গানাররা। প্রায় ২০ বছর পর এই প্রতিযোগিতার ফাইনালে উঠল লন্ডনের ক্লাবটি।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচজুড়ে আক্রমণ-প্রতি আক্রমণের ঝলক না থাকলেও দুই দলই ছিল সতর্ক। নিজেদের জাল অক্ষত রেখে সুযোগ খোঁজার লড়াইয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে বুকায়ো সাকা কাছ থেকে ট্যাপ-ইন শটে একমাত্র গোলটি করেন, যা শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল মিকেল আরতেতার দল। চলতি মৌসুমে টুর্নামেন্টে এখনো হার না মানা আর্সেনাল নিজেদের মাঠেও দারুণ রেকর্ড ধরে রাখে। অন্যদিকে আগের বড় হারের স্মৃতি মাথায় রেখেই রক্ষণভিত্তিক কৌশল নেয় আতলেতিকো।

দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি স্প্যানিশ দলটি। আঁতোয়ান গ্রিজমানের শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক ডেভিড রায়া। অন্যদিকে আর্সেনালও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি।

শেষ পর্যন্ত বৃষ্টিভেজা সন্ধ্যায় জয় উদ্‌যাপনে মেতে ওঠে আর্সেনাল সমর্থকেরা। ২০০৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠে তারা এবার শিরোপার স্বপ্ন দেখছে। আগামী ৩০ মে বুদাপেস্টে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি।