
বিশ্বকাপ ফুটবল মানেই সমর্থকদের উচ্ছ্বাস, প্রিয় দলের জার্সি আর উৎসবের আমেজ। এবার সেই আনন্দে যোগ দিতে পারবে আপনার পোষা কুকুরও। নতুন এক উদ্যোগে কুকুরদের জন্য বিশেষ জার্সি বাজারে এনেছে জার্মান ক্রীড়া সামগ্রী নির্মাতা এডিডাস।
এই পেট জার্সিগুলো তৈরি করা হয়েছে চলতি বিশ্বকাপে অংশ নেওয়া চারটি দেশ— মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা ও জাপানের জার্সির আদলে।
মানুষের জার্সির মতোই এসব জার্সিতে রয়েছে অ্যাডিডাসের পরিচিত তিনটি স্ট্রাইপ এবং অফিসিয়াল লোগো। ফলে মালিক ও কুকুর—দুজনই একই দলের সমর্থক হিসেবে সাজতে পারবেন।
এই জার্সির প্রচারণায় বিভিন্ন প্রজাতির কুকুরকে ভিন্ন ভিন্ন দেশের সমর্থক হিসেবে দেখানো হয়েছে। যেমন—জাপানের জন্য শিবা ইনু, আর্জেন্টিনার জন্য ড্যাচশুন্ড। বিষয়টি বাস্তবসম্মত না হলেও দর্শকদের কাছে বেশ মজার লেগেছে।

জার্সিগুলো ১০০% পলিয়েস্টার দিয়ে তৈরি, যা নরম এবং টেকসই বলে জানিয়েছে এডিডাস। এই পণ্যগুলো উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং কিছু এশিয়ার দেশে পাওয়া যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র থিমের একটি আলাদা কুকুর জার্সিও বাজারে আনা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র দলের অফিসিয়াল জার্সি তৈরি করে এডিডাসের প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড নাইকি।
বর্তমানে পোষা প্রাণীদের জন্য পোশাকের বাজার দ্রুত বড় হচ্ছে। এডিডাস ইতোমধ্যে এই বাজারে নতুনভাবে প্রবেশ করেছে। অন্যদিকে রালফ লরেনের মতো বিলাসবহুল ব্র্যান্ডও কুকুরদের জন্য দামী পোশাক বিক্রি করছে।













































