
থালাপতি বিজয়
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া সি জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যের দীর্ঘদিনের প্রভাবশালী দল ডিএমকে ও এআইএডিএমকে-কে পেছনে ফেলে টিভিকে ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের থেকে ১০টি কম রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনে এখন টিভিকেকে জোটের পথে হাঁটতে হবে। সম্ভাব্য সমর্থনের জন্য সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স অথবা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের দিকে নজর দিতে পারে দলটি।
বিশ্লেষক বিজয়ানন্দ জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী রাজ্যপাল প্রথমে একক বৃহত্তম দলকেই সরকার গঠনের আমন্ত্রণ জানান। সে ক্ষেত্রে টিভিকেকে ছোট দলগুলোর সমর্থন নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে আস্থা ভোটে জয়ী হতে হবে। ব্যর্থ হলে দ্বিতীয় বৃহত্তম জোটকে সুযোগ দেওয়া হতে পারে।
এদিকে টিভিকের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই শপথ নিতে পারেন বিজয়। আসন ঘাটতি নিয়ে দলের প্রচার সম্পাদক নানজিল পি সাম্পাত আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রয়োজনীয় সমর্থন ‘স্বয়ংক্রিয়ভাবেই’ চলে আসবে। তিনি কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
অন্যদিকে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেস হাইকমান্ডকে অবহিত করেছেন দলের তামিলনাড়ু–দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ শোডনকার। তিনি জানিয়েছেন, এ বিষয়ে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে জানানো হয়েছে এবং খুব শিগগিরই কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস







































