
ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানের কাছে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার (৫ মে) তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টার’-এ এই দুর্ঘটনা ঘটে।
ইরানের বিচার বিভাগীয় পত্রিকা ‘মিজান’ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-র তথ্যের ভিত্তিতে খবরটি নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংবাদ মাধ্যমগুলো জানায়, আরঘাভান শপিং সেন্টারে আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবনের বাইরের অংশে দাহ্য ‘ক্ল্যাডিং’ ব্যবহার করার কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লেলিহান শিখা পুরো ভবনটিকে গ্রাস করে নিয়েছে এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ভবনটির নির্মাতাকেও তদন্তের আওতায় আনা হচ্ছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।






































