বুধবার । মে ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ মে ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
শেয়ার

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর যাচ্ছেন। বুধবার (০৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই সফরসূচির কথা নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বর্ষা মৌসুম শুরুর আগেই এই দুই জেলায় বিশেষ খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচিতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, “সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। বর্ষার আগে মে মাস পর্যন্ত এই খনন কাজ চলবে। এরপর বিরতি দিয়ে নভেম্বর-ডিসেম্বর থেকে আবারও কাজ শুরু হবে।” তিনি আরও জানান, মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পানি সম্পদ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। সরকার খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।

তিস্তা মহাপরিকল্পনা এবং গত ১৮০ দিনের কাজের অগ্রগতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী তার প্রতিটি জেলা সফরে খাল খনন ও কৃষিবান্ধব কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।