
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের ছবি বা ভিডিও শেয়ার করার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের কঠোরভাবে সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। বুধবার (১ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে মিসাইল বা ড্রোন হামলা প্রতিরোধ করা অথবা এ সংক্রান্ত ধ্বংসাবশেষ মাটিতে পড়ার কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, একে অপরের সাথে আদান-প্রদান করা এবং ফেসবুক, ইউটিউব বা এক্স-এর (সাবেক টুইটার) মতো প্ল্যাটফর্মে প্রকাশ করা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে। কোনো প্রবাসী যদি এই আইন অমান্য করে মোবাইলে ছবি বা ভিডিও সংরক্ষণ করেন বা তা প্রচার করেন, তবে তাকে কঠোর আইনি শাস্তির সম্মুখীন হতে হবে।
এ প্রেক্ষাপটে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চলমান যুদ্ধ সংক্রান্ত যেকোনো স্পর্শকাতর তথ্য প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং আইনি জটিলতা এড়াতে এই সতর্কতা মেনে চলা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।











































