
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও আশপাশের অন্তত ৬০টি গ্রামে আগামীখাল বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দীর্ঘদিনের ধর্মীয় রেওয়াজ অনুযায়ী এসব এলাকার লক্ষাধিক মানুষ একদিন আগে ঈদের নামাজ আদায় ও কোরবানি করেন।
মির্জাখীল দরবার শরীফ ও জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবে চাঁদ দেখা ও হজের সময়সূচির ভিত্তিতে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই ধারার অংশ হিসেবে এবারও তারা নির্ধারিত দিনে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সকালে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের প্রধান খানকাহ মাঠ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া দরবারের ঈদগাহ ময়দানে বড় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে। পরে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি কক্সবাজার, বান্দরবান, নোয়াখালী, চাঁদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, খুলনা, বগুড়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা দরবারের অনুসারীরাও একই দিনে ঈদুল আজহা উদযাপন করবেন।











































