
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েও সরকার গঠনের পথে বড় সংকটে পড়েছেন অভিনেতা থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ১০৮ আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক সংখ্যা ছুঁতে পারেনি। ফলে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রাজ্যের ক্ষমতায় বসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টিভিকে আশা করেছিল কংগ্রেস ও কয়েকটি ছোট দলের সমর্থন নিয়ে সরকার গঠন করা সম্ভব হবে। তবে রাজ্যপাল আর ভি আরলেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১১৮ বিধায়কের সমর্থনের লিখিত প্রমাণ ছাড়া বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না। এ অবস্থানে ক্ষুব্ধ টিভিকে সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ চেয়ে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।
এদিকে সিপিআই, সিপিআইএম ও বিদুথালাই চিরুথাইগাল কাটচি বিজয়কে সমর্থন দিলেও তারা সরকারে যোগ দেবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে এআইএডিএমকের সঙ্গে সম্ভাব্য জোট নিয়েও রাজনৈতিক আলোচনা চলছে, যদিও দলটি আনুষ্ঠানিকভাবে এমন কোনো সমঝোতার কথা অস্বীকার করেছে।
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই টিভিকের নতুন নির্বাচিত বিধায়কদের চেন্নাইয়ের বাইরে একটি রিসোর্টে রাখা হয়েছে, যাতে অন্য দল তাদের ভাঙাতে না পারে। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: হিন্দুস্তান টাইমস









































