
ফাইল ছবি
দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও শহরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দুই নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টায়ার জেলার তৌরা এলাকায় একটি আবাসিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে দুই নারীসহ চারজন নিহত এবং অন্তত আটজন গুরুতর আহত হন। এই হামলার পর এলাকাটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, আল-জাহরানি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। আরব আল-জাল-হৌমিন আল-তাহতা সড়কে চালানো এই হামলায় গাড়িতে থাকা ব্যক্তিদের পাশাপাশি পাশ দিয়ে যাওয়া এক মোটরসাইকেল চালকসহ মোট তিনজন নিহত হন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, আস-সুলতানিয়াহ শহরেও পৃথক ইসরায়েলি বিমান হামলায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে বিনত জবেইল জেলার চাকরা, বারাশিত ও সাফাদ আল-বাদতিখ এলাকাতেও ব্যাপক বিমান হামলা ও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সাম্প্রতিক এসব হামলার পর দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।






































