
ফাইল ছবি
হরমুজ প্রণালিতে মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘দুঃসাহসিকতা ও বখাটে আচরণ’ বলে আখ্যা দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও, স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “ষড়যন্ত্রমূলক ও সরলীকৃত শব্দচয়ন যেমন ‘হালকা চড়’— এগুলো আত্মমুগ্ধতা, লোভ, বেপরোয়া ভুল হিসাব এবং আইনবহির্ভূত দায়িত্বহীনতা থেকে জন্ম নেওয়া গভীর অপমানকে মুছে দিতে পারবে না।”
বিশ্লেষকদের মতে, বাঘাইয়ের ‘হালকা চড়’ মন্তব্যটি ছিল ট্রাম্পের আগের বক্তব্যের জবাব। ট্রাম্প মার্কিন হামলাকে ‘লাভ ট্যাপ’ বা ‘ভালোবাসার হালকা আঘাত’ বলে উল্লেখ করেছিলেন।
এছাড়া ইরানি মুখপাত্র মার্কিন পক্ষের বিচ্ছিন্ন ও বিভ্রান্তিকর টুইটেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘এ ধরনের বিভ্রান্তিকর বার্তা এখন আর বাস্তবতার ওপর কোনও প্রভাব ফেলতে পারছে না।’







































