রবিবার । মে ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১০ মে ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ


Eden-College

সংগৃহীত ছবি

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শনিবার গভীর রাতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রাত ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে আন্দোলনে নামেন তারা। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন।

লালবাগ থানার ওসি মো. ইয়াসিন আলী জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছেন এবং কিছু সময় বিক্ষোভের পর ভেতরে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী ছাত্রদলের ব্যানার–ফেস্টুন ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করছেন।

কলেজের এক শিক্ষার্থী স্মৃতি আক্তার জানান, প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করেন। পরে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভাঙার চেষ্টা করেন এবং সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশের দাবি জানান।

এর আগে সন্ধ্যায় কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। শিক্ষার্থীদের ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করেই রাতের বিক্ষোভের সূত্রপাত ঘটে।