মঙ্গলবার । মে ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শেয়ার

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন


noab

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে টানা পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়েছে, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি উদ্‌যাপন করা হবে। এর ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশীয় কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন তারা। গত বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এই ছুটি সমন্বয় করতে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন। সে হিসাবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।