
ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, ধর্ষকের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যে মন্তব্য করেছেন, তা রাসূল (সা.)–এর বিচারব্যবস্থার প্রতি অবমাননার শামিল। দলটি এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
শুক্রবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তার ভাষ্য অনুযায়ী, ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় আখ্যা দিয়ে মূলত ইসলামী বিচারব্যবস্থাকেই অবজ্ঞা করা হয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার একদিকে ‘মদিনার সনদ’ ও শরিয়াহবিরোধী আইন না করার প্রতিশ্রুতির কথা বললেও অন্যদিকে ইসলামী শরিয়া আইনকে মধ্যযুগীয় বলে হেয় করছে, যা দ্বিচারিতার বহিঃপ্রকাশ।
জামায়াত নেতার দাবি, এ ধরনের বক্তব্য ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি।













































