
সর্দার আমিরুল ইসলাম (সাগর)
যোগদানের মাত্র দশ মাসের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাড়ালেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম (সাগর)। রোববার (১৭ মে) নিজের ফেসবুকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সর্দার আমিরুল ইসলাম একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। গত বছর মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হওয়া ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই তিনি। ২০২৫ সালের জুন মাসে তিনি এনসিপিতে যোগ দেন।
তার ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
আমি সর্দার আমিরুল ইসলাম, গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মধ্যপন্থী রাজনীতির নয়া শক্তি হিসাবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম।
কিন্তু বিগত নির্বাচনকালীন সময়ে এনসিপি’র ডানপন্থী জোটে যোগদানের সিদ্ধান্ত আমার উৎসাহ উদ্দীপনাকে ম্রিয়মাণ করে। তবে এই সিদ্ধান্তকে রণকৌশল বিবেচনা করে জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কার্যক্রম অব্যাহত রাখি।

কিন্তু নির্বাচন পরবর্তী সময়েও দলে ডানপন্থার বাড়ন্ত লক্ষ্য করি। যে কারণে শেষ দুই মাস রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকি এবং দলের শীর্ষস্থানীয় নেতা বরাবর পদত্যাগপত্র পেশ করি। তিনি পদত্যাগপত্র গ্রহণ না করে পুনর্বিবেচনা করতে বলেন।
অত্যন্ত পরিতাপের বিষয় এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি যুক্ত হয়েছিলাম বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশাভঙ্গের এই পরিস্থিতিতে এবং দলের রণনীতি ও রণকৌশলের সাথে মতদ্বৈততা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।









































