
অ্যাভাটার নির্মাতা জেমস ক্যামেরন
বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে নতুন তথ্য দিয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। তিনি জানিয়েছেন, সিরিজের পরবর্তী দুটি সিনেমা অ্যাভাটার-ফোর এবং অ্যাভাটার ফাইভ এখনো নির্মাণাধীন রয়েছে। তবে এবার তিনি সিনেমাগুলো কম সময়ে এবং কম খরচে তৈরি করার পরিকল্পনা করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ মুক্তির পরও অ্যাভাটার সিরিজ তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতের সিনেমাগুলো আরও দ্রুত ও সাশ্রয়ীভাবে নির্মাণের উপায় খুঁজছেন তারা।
ক্যামেরনের ভাষায়, অ্যাভাটার সিনেমাগুলো তৈরি করতে বিপুল সময় ও অর্থ লাগে। তাই তিনি চান ভবিষ্যতের সিনেমাগুলো ‘অর্ধেক সময়ে এবং তিন ভাগের দুই ভাগ খরচে’ শেষ করতে।
তিনি বলেন, ‘আমরা নতুন কিছু প্রযুক্তি নিয়ে কাজ করছি, যাতে সিনেমাগুলো আরও দক্ষভাবে তৈরি করা যায়। কারণ এগুলো বানাতে প্রচুর খরচ হয় এবং অনেক সময় লাগে। আমার লক্ষ্য হচ্ছে অর্ধেক সময়ে দুই-তৃতীয়াংশ খরচে সিনেমা শেষ করা।’
তিনি আরও জানান, আগামী এক বছর এই নতুন প্রযুক্তি ও নির্মাণ পদ্ধতি নিয়ে গবেষণা চলবে। এ সময় তিনি লেখালেখির কাজেও মন দেবেন এবং পাশাপাশি আরও কিছু প্রকল্পে কাজ করবেন।
ক্যামেরন এর আগে অ্যাভাটার সিরিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছিলেন। তিনি জানান, যদি কখনো সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন আর কোনো অ্যাভাটার সিনেমা তৈরি হবে না, তাহলে সেটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। তবে তার আশা, বর্তমান পরিকল্পনার বাইরেও এই বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজ আরও এগিয়ে যাবে।
শুধু সিনেমাই নয়, অ্যাভাটারকে উপন্যাস হিসেবেও প্রকাশ করার আগ্রহ রয়েছে ক্যামেরনের। যদিও বর্তমান প্রকাশনা বাজারকে তিনি কঠিন বলে উল্লেখ করেছেন, তবুও তিনি মনে করেন গল্পগুলোর ‘মূল সংস্করণ’ বই আকারে সংরক্ষণ করা ভালো হবে।
পরিচালক আরও জানিয়েছেন, অ্যাভাটার-ফোরের কিছু দৃশ্য ইতোমধ্যেই ধারণ করা হয়েছে। তবে ভবিষ্যতে আরও সিনেমা তৈরি হবে কি না, তা অনেকটাই নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিটির বাণিজ্যিক সাফল্যের ওপর।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প









































