
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ বুধবার (২০ মে) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা মাঠে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখছি, বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় আত্তীকরণ করেছে। যেভাবে প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ করা হয়েছে, দলীয়করণ করা হচ্ছে, তা এখন একদলীয়করণে রূপ নিয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হচ্ছে। যেখানে মেধার ভিত্তিতে প্রার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় জনকে নেওয়া হয় না; সেখানে শুধু দলীয় বিবেচনায় ১৮তম জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই সংসদ সদস্য বলেন, “আমরা বিশ্বাস করি, পরবর্তী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে এনসিপি সরকার গঠন করবে এবং মানুষের চাওয়াগুলোকে পূরণ করবে।” এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিটি ঘরে ঘরে ও ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপির রাজনৈতিক দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা তরুণ প্রজন্মের জন্য একটা নিশ্চিত ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে চাকরি পাইতে কোনো ঘুষ দেওয়া লাগবে না। প্রত্যেকটি মানুষ নাগরিক হিসেবে তার সর্বোচ্চ মর্যাদা লাভ করবে।”
তিনি আরও যোগ করেন, “কারও পূর্বপরিচয় সে কৃষকের সন্তান, কামারের সন্তান, খেটে খাওয়া মানুষের সন্তান, দিনমজুরের সন্তান, কলকারখানার শ্রমিকের সন্তান নাকি সচিবের সন্তান—সেই পরিচয় তার যোগ্যতাকে কখনো প্রশ্নবিদ্ধ করবে না। মেধা ও যোগ্যতাই হবে মূল মাপকাঠি।”
লালমাই ছাড়াও আজ বুধবার কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় এনসিপির আরও দুটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির, যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














































