বুধবার । মে ২০, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২০ মে ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার

২২ বছরের অপেক্ষার অবসান, আবারও প্রিমিয়ার লিগের মুকুট আর্সেনালের


Arcenal

সংগৃহীত ছবি

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে বর্নমাউথের বিপক্ষে জিততে ব্যর্থ হওয়ায় ম্যানচেস্টার সিটির শিরোপার আশা শেষ হয়ে যায় এবং তাতেই আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হয় উত্তর লন্ডনের ক্লাবটি।

শিরোপা লড়াই টিকিয়ে রাখতে সিটির জন্য জয় ছিল অত্যাবশ্যক। তবে ম্যাচের ৩৯ মিনিটে জুনিয়র ক্রুপি গোল করে বর্নমাউথকে এগিয়ে দেন। পরে যোগ করা সময়ে আর্লিং হাল্যান্ড সমতা ফেরালেও জয়ের জন্য প্রয়োজনীয় গোল আর পায়নি পেপ গার্দিওলার দল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে ফেটে পড়েন আর্সেনাল সমর্থকেরা।

শিরোপা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনের ছবি প্রকাশ করেন ডেক্লান রাইস। সেখানে তিনি লেখেন, “আমি আগেই বলেছিলাম… কাজ শেষ।”

এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম ইংলিশ লিগ শিরোপা। ইংল্যান্ডের শীর্ষ লিগে তাদের চেয়ে বেশি ট্রফি আছে কেবল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে লিগ জিতেছিল আর্সেনাল, যে দলটি ‘ইনভিন্সিবলস’ নামে ইতিহাসে জায়গা করে নেয়।

শুধু প্রিমিয়ার লিগ নয়, এবার ইউরোপেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে মিকেল আর্তেতার দলের সামনে। আগামী ৩০ মে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। সেই ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুটও উঠবে তাদের মাথায়।

২০১৯ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া আর্তেতা এর মাধ্যমে বড় এক অর্জনের মালিক হলেন। টানা তিন মৌসুম রানার্সআপ হওয়ার হতাশা কাটিয়ে অবশেষে দলকে শিরোপা এনে দিলেন তিনি। এর আগে ২০২৩ ও ২০২৪ মৌসুমে শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারায় আর্সেনাল। গত মৌসুমেও পিছিয়ে পড়তে হয়েছিল লিভারপুলের কাছে। তবে এবার আর ভুল করেনি গানাররা।

দৃঢ় রক্ষণভাগ, কার্যকর সেট পিস এবং ধারাবাহিক পারফরম্যান্সই আর্সেনালের সাফল্যের মূল চাবিকাঠি। ৩৭ ম্যাচে তারা হজম করেছে মাত্র ২৬ গোল, যা লিগে সর্বনিম্ন। পাশাপাশি ১৯টি ক্লিনশিটের সঙ্গে সেট পিস থেকে করেছে ২৪ গোল। কর্নার থেকেই এসেছে ১৮টি গোল, যা প্রিমিয়ার লিগের এক মৌসুমে নতুন রেকর্ড।

২০০৪ সালের পর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি ও লিভারপুল শিরোপা জিতলেও এবার সেই তালিকায় নতুন করে ফিরল আর্সেনালের নাম। একই সঙ্গে ২০১৭ সালের পর প্রথমবারের মতো সিটি বা লিভারপুল ছাড়া অন্য কোনো দল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো।