বুধবার । মে ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২০ মে ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন
শেয়ার

শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত, ভোট ৩ জুলাই


film-artist

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩ জুলাই (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে নতুন কমিটির জন্য এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত সোমবার (১৮ মে) সমিতির কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা শেষে বর্তমান সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনের বিষয়ে মিশা সওদাগর জানান, তিনি সবসময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেরি না করে তিনি দ্রুত দেশে ফিরে এসেছেন এবং নির্বাচন আয়োজন সম্পন্ন করার পক্ষে অবস্থান নিয়েছেন।

মিশা সওদাগর বলেন, ‘কমিটির মেয়াদ শেষ হয়েছে, যে কারণে দেরি না করে আমি দেশে চলে এসেছি। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক—তা কখনোই চাইনি। গতাকালের মিটিংয়ে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

চলচ্চিত্র পাড়ায় ইতোমধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আসন্ন এই নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

অন্যদিকে, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে অপর একটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী। দুই প্যানেলের এই লড়াইকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে এখনই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।