
‘ডোলা রে ডোলা’ গানের দৃশ্যে মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রায়।
বলিউডের কালজয়ী সিনেমা ‘দেবদাস’-এর জনপ্রিয় গান ‘দোলা রে দোলা’র শুটিং ঘিরে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গেছে, ২০০২ সালে সিনেমাটির শুটিং চলাকালে অভিনেত্রী মাধুরী দীক্ষিত চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবুও অসুস্থতা ও শারীরিক কষ্ট উপেক্ষা করে দীর্ঘ সময় রিহার্সাল ও শুটিং চালিয়ে যান তিনি।
গানটিতে মাধুরীর সঙ্গে ছিলেন ঐশ্বরিয়া রায়। বিশাল সেট, জমকালো পোশাক ও কঠিন নৃত্যনির্ভর এই গান পরিচালনা করেন সঞ্জয় লীলা বানসালি। মুক্তির দুই দশক পরও গানটি দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের সহকারী রুবিনা খান এক সাক্ষাৎকারে জানান, ‘দোলা রে দোলা’ গানের শুটিং করতে ১৭ দিন সময় লেগেছিল। এর আগে প্রায় এক মাস আলাদা করে রিহার্সাল করা হয়।
রুবিনার ভাষ্য অনুযায়ী, একটি কঠিন নাচের স্টেপ করতে গিয়ে অন্তঃসত্ত্বা মাধুরীর বারবার মাথা ঘুরছিল। জ্বর থাকা সত্ত্বেও তিনি কখনও অভিযোগ করেননি বা স্টেপ পরিবর্তনের অনুরোধও জানাননি। বরং পুরো কোরিওগ্রাফি নিখুঁতভাবে শেষ করার চেষ্টা করেছেন।
শুধু মাধুরী নন, শুটিং চলাকালে অসুস্থ ছিলেন সরোজ খানও। পরিচালক বানসালি জানান, শারীরিক কষ্ট নিয়েও মেঝেতে শুয়ে শুয়ে নির্দেশনা দিতেন তিনি। এমনকি সিনেমা মুক্তির দিন হাসপাতালে ভর্তি অবস্থাতেও ‘দোলা রে দোলা’ গানের দর্শকপ্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সরোজ খান।
বলিউডে আজও এই গানটিকে কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও নিষ্ঠার অনন্য উদাহরণ হিসেবে দেখা হয়। এদিকে দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয়তা ধরে রাখা মাধুরী দীক্ষিতের নতুন ওয়েব সিনেমা ‘মা-বেহেন’ আগামী ৪ জুন মুক্তি পাবে নেটফ্লিক্সে।
সূত্র: দ্য ওয়াল














































