
সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে দাপট দেখিয়ে যাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করা ছবিটি তিন সপ্তাহ পেরিয়েও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।
আইম্যাক্স ও অন্যান্য প্রিমিয়াম স্ক্রিন ফেরত পাওয়ার পর আবারও উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে সিনেমাটি। অ্যান্টনি ফুকোয়া পরিচালিত ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। বিশ্বব্যাপী ছবিটির আয় ইতোমধ্যে ৬০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহান্তেও ‘মাইকেল’ আরও প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার আয় করতে পারে। বিশেষ করে ‘মর্টাল কম্ব্যাট ২’ প্রত্যাশা অনুযায়ী দর্শক টানতে না পারায় প্রিমিয়াম স্ক্রিনের বড় অংশ আবার ‘মাইকেল’-এর দখলে গেছে।
এদিকে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। নারীপ্রধান এই সিনেমাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষে উত্তর আমেরিকায় ছবিটির আয় প্রায় ১৭ কোটি ৮০ লাখ ডলারে পৌঁছাবে।
অন্যদিকে আলোচনায় এসেছে স্বল্প বাজেটের অতিপ্রাকৃত হরর ছবি ‘অবসেশন’। মাত্র সাড়ে সাত লাখ ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় দেড় কোটি ডলার আয় করতে যাচ্ছে। সমালোচক ও দর্শক—উভয় পক্ষ থেকেই দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি।
তবে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভিডিও গেম অবলম্বনে নির্মিত অ্যাকশন সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট ২’। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় প্রায় ৬৭ শতাংশ কমে যেতে পারে। এছাড়া পরিবারকেন্দ্রিক রহস্য-কমেডি ‘দ্য শিপ ডিটেকটিভস’ও বক্স অফিসের শীর্ষ পাঁচে জায়গা ধরে রাখতে পারে।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার












































