
সংগৃহীত ছবি
মার্কিন অবরোধ ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে কিউবার জনজীবন। জ্বালানি সংকটের কারণে রাজধানী হাভানাসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই ভয়াবহ লোডশেডিং হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে খাবার, হাসপাতালগুলোতে দেখা দিয়েছে জরুরি ওষুধের সংকট এবং শহরের বিভিন্ন স্থানে জমছে আবর্জনার স্তূপ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের হাভানা অফিসেও দিনে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। একই সঙ্গে কিউবার জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের আকস্মিক হাভানা সফরের পর উত্তেজনা আরও বেড়েছে। তাঁর সফরের পরই গুঞ্জন ওঠে, কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় কিউবা সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, কাস্ত্রোর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে দুই দেশের চলমান আলোচনা বন্ধ হয়ে যেতে পারে এবং পরিস্থিতি সরাসরি সংঘাতের দিকে গড়াতে পারে।
এদিকে কিউবার জ্বালানি মজুত প্রায় শেষ হয়ে যাওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। নতুন নিষেধাজ্ঞার কারণে পণ্যবাহী জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে। ফলে দেশটিতে খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






































