সোমবার । মে ১৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৮ মে ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার

ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিতর্কিত মৃত্যুদণ্ড আইন কার্যকর করল ইসরাইল


palestine

ফাইল ছবি

বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও খোদ নিজেদের নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিতর্কিত মৃত্যুদণ্ড আইন কার্যকর করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড প্রধান আভি ব্লুথ এ সংক্রান্ত একটি সামরিক আদেশে স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি দৈনিক হারেৎজ।

আল জাজিরার সূত্র ধরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যেসব ব্যক্তি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকারের উদ্দেশ্যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে, মূলত তাদের লক্ষ্য করেই এই কঠোর আইন প্রয়োগ করা হবে।

পশ্চিম তীরে এ ধরনের একতরফা আইন কার্যকর করার বিষয়ে খোদ ইসরাইলের আইন ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেই বড় ধরনের আপত্তি ছিল। তাদের মতে, পশ্চিম তীরের ফিলিস্তিনিরা যেহেতু ইসরাইলের নাগরিক নন, তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলে এই আইন প্রয়োগ করা চরম জটিলতা ও নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে।

এর আগে গত মার্চে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে একটি বিতর্কিত বিল পাস হয়। ওই বিলে স্পষ্ট বলা হয়—কোনো ইসরাইলি নাগরিককে হত্যার দায়ে অভিযুক্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হবে। তবে চরম বৈষম্যের বিষয় হলো, একই ধরনের অপরাধে অর্থাৎ কোনো ফিলিস্তিনিকে হত্যার দায়ে অভিযুক্ত কোনো ইহুদি ইসরাইলির ক্ষেত্রে এই সর্বোচ্চ শাস্তির বিধান প্রযোজ্য করা হয়নি।

এই আইনটিকে সম্পূর্ণ একতরফা, বর্ণবাদী ও বৈষম্যমূলক উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরাইলের এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ অধিকৃত অঞ্চলটিতে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও উত্তেজনাকে আরো বহুগুণ বাড়িয়ে তুলবে, যা বিশ্বজনীন ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।