
ছবি: সংগৃহীত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২০২৬ বিশ্বকাপের টিকিট পেলেন নেইমার। সান্তোসের এই তারকা স্ট্রাইকারকে অন্তর্ভুক্ত করেই ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
চোট আর ফিটনেস সমস্যার কারণে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা গুঞ্জন। চোটের কারণে মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপে জায়গা পেতে হলে নেইমারকে অবশ্যই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশেষে সেই কঠিন পরীক্ষায় পাস করেই সেলেসাওদের বিশ্বকাপ দলে নিজের জায়গা লড়ে নিলেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।
সান্তোসের হয়ে চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিশ্চিতভাবেই বিশেষ কিছু উপহার দিতে মুখিয়ে থাকবেন নেইমার।
রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে দেশি-বিদেশি প্রায় ৭০০ সংবাদকর্মী ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়। নাচ, গান, অভিনয় এবং বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের গৌরবময় ইতিহাসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত ছিল। অনুষ্ঠান চলাকালীন সামনের সারিতে বিশ্বকাপের ফাইল হাতে বসে থাকতে দেখা যায় কোচ কার্লো আনচেলত্তিকে। মঞ্চে যখন তিনি নেইমারের নাম ঘোষণা করেন, তখন পুরো হলরুমে করতালির ঝড় ওঠে।
দল ঘোষণার আগে সিবিএফ টিভিকে আনচেলত্তি বলেন, “যোগ্যতা, প্যাশন এবং অভিজ্ঞতার সমন্বয়ে এই দলটি সাজানো হয়েছে। এটি কোনো নিখুঁত তালিকা না হলেও, এমন একটি দল দেওয়া হয়েছে যেখানে ভুলের সংখ্যা সামান্য। আমাদের মূল লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপকে জাঁকজমকপূর্ণ করে তোলা।”
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবে ব্রাজিল। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।
ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদারসন ও ওয়েভারটন।
ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল মাগালায়েস, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস, অ্যালেক্স সান্দ্রো, দানিলো, ডগলাস সান্তোস ও ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো দস সান্তোস, ফাবিনহো ও লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, এন্ড্রিক, ইগর থিয়াগো ও রায়ান।















































