
রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমি লতা বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা বাজারের একটি দুই তলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ১৪ মিনিটে কলমিলতা বাজারের ওই মার্কেটে আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর হন এবং ভোর ৫টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ১০টি ইউনিট পর্যায়ক্রমে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাজারের দুই তলা বিশিষ্ট ওই মার্কেটের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।














































