
দেশের বাজারে কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় দাম কমিয়ে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (২০ মে) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন এই সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে গত শনিবার (১৬ মে) শেষবারের মতো সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ধরা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা করা হয়েছিল, যা ওই দিন সকাল ১০টা থেকেই বাজারে কার্যকর হয়।
হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশের বাজারে এ নিয়ে মোট ৬৬ বার সোনার দামের ওঠানামা ঘটলো, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ৩১ বার কমানো হয়। আর গত ২০২৫ সালে সব মিলিয়ে ৯৩ বার সোনার মূল্য নির্ধারণ করা হয়েছিল, যার ভেতর ৬৪ বার দাম বৃদ্ধি পায় এবং ২৯ বার হ্রাস পায়।
মূল্যবান এই ধাতুর দাম কমলেও দেশের বাজারে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে পূর্বের দামেই কেনাবেচা হচ্ছে রুপা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।













































