বুধবার । মে ২০, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২০ মে ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
শেয়ার

১৯ দিনে দেশে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স


remittance

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের সুবাতাস বইছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ টাকা।

আজ বুধবার (২০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ ইতিবাচক চিত্র নিশ্চিত করেছেন।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা তাদের স্বজনদের কাছে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে মে মাসের শুরু থেকেই রেমিট্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনে দৈনিক গড়ে প্রায় ১৩ কোটি মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। এভাবে প্রবাহ বজায় থাকলে এই মাসের শেষে মোট রেমিট্যান্স ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের মে মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বছর ব্যবধানে এই প্রবাসী আয় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের সামগ্রিক রেমিট্যান্স প্রবাহও বেশ আশাব্যঞ্জক। গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ১৯ মে পর্যন্ত সময়ে দেশে সর্বমোট তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৬৩৩ কোটি ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত সামগ্রিক রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৮৪ শতাংশ।

প্রবাসী আয় বাড়ায় দেশের ব্যাংকগুলোতে বর্তমানে মার্কিন ডলারের এক ধরনের উদ্বৃত্ত বা সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যা বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল করতে বড় ভূমিকা রাখছে। এই সুযোগে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে নিয়মিত ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে। আজ বুধবারও দেশের ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।