
অধ্যাপক রশিদুন্ নবী এবং খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি নজরুল পুরস্কার ২০২৬ পাচ্ছেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী এবং খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।
বাংলা একাডেমি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে (৯ জ্যৈষ্ঠ) শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
অধ্যাপক রশিদুন্ নবী দীর্ঘদিন ধরে নজরুলের সাহিত্য, দর্শন ও সমাজচেতনা নিয়ে গবেষণা করে আসছেন। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। নজরুলের জীবন, রাজনৈতিক চেতনা, সাম্যবাদী দর্শন এবং সাহিত্যিক অবদান নিয়ে তার একাধিক গবেষণাগ্রন্থ গবেষক মহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে নজরুলচর্চাকে সহজ ও গ্রহণযোগ্য করে তুলতে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করেন সাহিত্যবোদ্ধারা।
অন্যদিকে নজরুলসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ফাতেমা তুজ জোহরা কয়েক দশক ধরে নজরুলগীতি চর্চা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ষাটের দশকে সংগীতজীবন শুরু করা এই শিল্পী দেশ-বিদেশে অসংখ্য মঞ্চে নজরুলের গান পরিবেশন করেছেন। তিনি নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক গানেও সমান জনপ্রিয়। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০০৬ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।














































