
ফাইল ছবি
সারাদেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বে ব্যর্থতা অনুসন্ধানে একটি ইনকোয়ারি বা তদন্ত কমিশন গঠন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম গত ১৭ মে এ রিট পিটিশন দায়ের করেছিলেন।
হামের টিকা কেনায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের ভূমিকা তদন্ত করতে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয় পিটিশনে।










































