বুধবার । মে ২০, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২০ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে এক দিনে কয়েক দফায় কমলো জ্বালানি তেলের দাম


Oil

ফাইল ছবি

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। এক দিনেই কয়েক দফায় কমেছে তেলের দাম। সর্বশেষ তথ্য অনুযায়ী, তেলের দাম ৫ শতাংশের বেশি কমে বর্তমানে একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আজ বুধবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাজারের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, আন্তর্জাতিক তেলের বাজারের অন্যতম প্রধান বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেল প্রতি ১০৫ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। কয়েক দফা দাম কমার পর বাজার এখন এই অবস্থানে থিতু হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় দরপতন।

আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা বলার পাশাপাশি তেহরানকে শক্ত হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি শেষ পর্যন্ত শান্তিচুক্তিতে রাজি না হয়, তবে দেশটিকে আরও বড় ধরনের সামরিক হামলা বা বাধার মুখোমুখি হতে হতে পারে।

বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা যদি আলোচনার মাধ্যমে কমে আসে, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের আশঙ্কাও কেটে যাবে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে আর কোনো বিঘ্ন ঘটবে না—এমন আশাবাদের ওপর ভর করেই বিশ্ববাজারে তেলের দামে এই বড় পতন দেখা গেছে।