
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষাকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিক যেন সুখ, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সেটাই ঈদের মূল প্রতিপাদ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সোনামিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
দেশ ও জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজ পবিত্র ঈদের দিন, সবার জন্যই এটি অত্যন্ত আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি এবং সবাই মিলে সুখে-শান্তিতে এই দেশে বসবাস করতে পারি, সেই কামনাই করি। সবাইকে ঈদ মোবারক।
লক্ষ্মীপুরের এই ঈদের জামাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
নামাজ শেষে পানিসম্পদমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাছিবুর রহমান অভিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নামাজ আদায় শেষে তাঁরা সবাই একে অপরের সাথে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।












































