
দেশের উন্নয়ন ও সমাজ গঠনের কাজে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত দুস্থ মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একে অপরের পাশে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। একই সঙ্গে এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শনের একটি উপায় হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে অবদান রাখছেন, তাদের সহযোগিতা করা সবার দায়িত্ব। নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখলে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।
এসময় প্রধানমন্ত্রী উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাংগঠনিক বিষয় ও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরে পৃথক সভার আয়োজন করা হবে। সেখানে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
অনুষ্ঠানটি সড়কের পাশে হওয়ায় জনসাধারণের চলাচলে কিছুটা অসুবিধা হওয়ায় প্রধানমন্ত্রী তার বক্তব্য সংক্ষিপ্ত করেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।




































