
নিহত নিশাত জান্নাত। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণী প্রাণ হারিয়েছেন। রোববার (২৯ মার্চ) রাত ১২টার দিকে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিশাত জান্নাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের হেলাল আহমদের বড় মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী গারবেজ ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস)। নিশাতের বাবা হেলাল আহমদ উডসাইডের একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত।
চার বোনের মধ্যে সবার বড় নিশাত তার ছোট বোনের জন্মদিনের কেক আনতে ঘর থেকে বের হয়েছিলেন। কিন্তু সেই আনন্দ মুহূর্ত শোকের ছায়ায় ঢেকে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
পরিবারটি ২০১৭ সালে সিলেটের গোলাপগঞ্জ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল। নিশাত জান্নাত পড়াশোনার পাশাপাশি জ্যামাইকার পারসন্স বুলেভার্ড এলাকায় একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। তার দুই ছোট বোনের বয়স যথাক্রমে ৯ ও ৪ বছর।
এদিকে মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে নিউ জার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। একজন উদীয়মান ও পরিশ্রমী তরুণীর এমন অকাল মৃত্যুতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।














































