
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায়।
অন্যদিকে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেনটি রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। যাত্রীচাপ বিবেচনা করে ছুটির দিনগুলোতে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ২০ মিনিট পর পর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনগুলোতে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং এতে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে, যা যাত্রীচাপের ওপর ভিত্তি করে কম-বেশি হতে পারে।
বিজ্ঞপ্তির সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পর পর, সকাল ৭টা ১১ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পর পর, সকাল ১০টা ২৬ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট পর পর এবং রাত ৯টা ১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট (শেষ ট্রেন) পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন চলবে।
অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে সকাল ৭টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পর পর, বেলা ১১টা ৪ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১২ মিনিট পর পর এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট (শেষ ট্রেন) পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে।
টিকিট বিক্রির নিয়মের বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি বা র্যাপিড পাস টপ-আপ করা যাবে।
তবে শুক্রবারের ক্ষেত্রে উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে এই সুবিধা পাওয়া যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সব টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় মেশিন বন্ধ হয়ে গেলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্টেশনগুলো থেকে নতুন র্যাপিড পাস কেনা যাবে।










































