বৃহস্পতিবার । মে ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
শেয়ার

ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ


Community Bank

তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এর আওতায় পরিচালিত ‘এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে অবস্থিত কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ২৩ জন তরুণ ও নবীন উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে দক্ষ উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী। তিনি বলেন, উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও বাস্তব দক্ষতা বাড়ানোর মাধ্যমে টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী, ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান, হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। উদ্যোক্তা সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।