বৃহস্পতিবার । মে ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ মে ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
শেয়ার

মায়ের প্রবাসে থাকার সুযোগে নিজের ১৫ বছরের মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার


rafiqul-islam

ছবি: সংগৃহীত

মা জীবিকার তাগিদে সৌদি আরবে প্রবাসী, আর সেই সুযোগে ঘরে থাকা নিজের ১৫ বছরের কিশোরী কন্যাকে ধর্ষণ ও পরবর্তীতে পুনরায় ধর্ষণের চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামের এক পাষণ্ড বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

গতকাল বুধবার (২০ মে) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ওইদিন ভোরের দিকে জেলা শহরের ছয়ঘড়িয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর মা গত ছয় বছর ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত আছেন। মা বিদেশে থাকায় সন্তানদের দেখাশোনার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন বাবা। ওই কিশোরী তার বাবার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সম্প্রতি ওই কিশোরীর মা বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে মাত্র দুই সপ্তাহ আগে আবারও সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান। মায়ের প্রবাসে ফেরার পর থেকেই ঘরে মায়ের অনুপস্থিতির সুযোগ নেয় রফিকুল ইসলাম।

এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার (১৬ মে) রাতে মায়ের অনুপস্থিতির সুযোগ বুঝে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন রফিকুল ইসলাম। একই সঙ্গে এই ঘটনা জানাজানি হলে প্রাণনাশের ভয় দেখিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য কিশোরীকে কঠোর হুমকি দেন তিনি।

পরবর্তীতে গত সোমবার (১৮ মে) সকালে রফিকুল ইসলাম ফের ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী কিশোরী ঘর থেকে কোনোমতে পালিয়ে গিয়ে আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয়দের সহায়তায় সে নিজে বাদী হয়ে সদর মডেল থানায় পাষণ্ড বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীর সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে আসামিকে দ্রুত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।