শনিবার । মে ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শেয়ার

স্ত্রী প্রবাসে থাকার সুযোগে ৬৬ বছরের শাশুড়িকে ধর্ষণ, লম্পট জামাতা গ্রেপ্তার


sakil

গ্রেপ্তারকৃত সাকিল ওরফে সাকিল ফকির

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী প্রবাসে থাকার সুযোগে ৬৬ বছর বয়সী আপন শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) নামে এক লম্পট জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ মে) রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিল ফকির বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাশুড়ির সঙ্গেই ভাড়া থাকতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে (অভিযুক্ত সাকিলের স্ত্রী) গত প্রায় ছয় মাস ধরে দুবাই প্রবাসী। স্ত্রী বিদেশে থাকার কারণে ওই বৃদ্ধা তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার তোফাজ্জল সাহেবের ১০ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটের একটি কক্ষে থাকতেন জামাতা সাকিল এবং অন্য কক্ষে থাকতেন ওই বৃদ্ধা ও তার নাতি।

অভিযোগে বলা হয়, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে সাকিল ঘুম থেকে ডেকে শাশুড়িকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর লোকলজ্জা ও চরম ভয়ের কারণে বিষয়টি প্রথমে গোপন রাখেন ভুক্তভোগী ওই নারী। পরবর্তী সময়ে দুবাই প্রবাসী মেয়েসহ অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত অ্যাকশনে নামে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে ওমরপুর আইয়ুবনগর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাকিলকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রী প্রবাসে থাকার সুযোগে শাশুড়িকে ধর্ষণের মতো জঘন্য ও নৈতিকতা বিবর্জিত ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।