মঙ্গলবার । মে ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ মে ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, দুর্ভোগে যাত্রীরা


Shah Amanat international airport

ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চরম ফ্লাইট বিপর্যয় ঘটেছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে প্রতিকূল আবহাওয়ার জেরে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল, ডাইভার্ট এবং কয়েক ঘণ্টা বিলম্বের ঘটনা ঘটেছে। আকস্মিক এই শিডিউল বিপর্যয়ে বিমানবন্দরে সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, মদিনা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-১৩৮’ ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামে অবতরণের কথা ছিল। কিন্তু রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় সেটি ডাইভার্ট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

পরবর্তীতে দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে এবং বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে পুনরায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ‘বিএস-৩৪২’ ফ্লাইটটি প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে বৈরী আবহাওয়ার তীব্রতার কারণে একই এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ‘বিএস-১০৫’ ফ্লাইটটি সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক রুটের ফ্লাইদুবাই এয়ারলাইনসের ‘এফডিবি-৫৬৪’ (চট্টগ্রাম-দুবাই) ফ্লাইটটিও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৩ ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে রানওয়ের দৃশ্যমানতা (ভিজিবিলিটি) মারাত্মকভাবে কমে যাওয়ায় এবং বৈমানিক নিরাপত্তার স্বার্থেই ফ্লাইটগুলোর শিডিউলে এই পরিবর্তন ও বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।