বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ জুন ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
শেয়ার

ইসলামী ব্যাংক ‘দখলের চেষ্টা’ হলে মাঠে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের


Jamat-Amir

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের ‘দখল ও নিয়ন্ত্রণের চেষ্টা’ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার ব্যাংকটিকে সাবেক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এবং এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে বিরোধী দলের নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত।

বুধবার রাতে রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, অতীতে ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে এবং আবারও ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। তার দাবি, ইসলামী ব্যাংকের ক্ষতি হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।

সরকারকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের ভূমিকারও সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে জামায়াত একটি শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে, ‘গৃহপালিত বিরোধী দল’ হবে না।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ইরান, লেবানন ও গাজার পরিস্থিতির প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, এসব সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে। হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে শিগগিরই নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী।