বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ


Mitsui PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম শীর্ষ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের আস্থা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।

মিতসুই প্রতিনিধিদল বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি, বৃহৎ ভোক্তা বাজার এবং আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে দেশের সম্ভাবনার প্রশংসা করে। তারা জ্বালানি, লজিস্টিকস, উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মোঃ খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

মিতসুই প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।

মিতসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং কোম্পানি হিসেবে বিশ্বব্যাপী জ্বালানি, অবকাঠামো, খনিজ সম্পদ, খাদ্য, প্রযুক্তি ও শিল্প খাতে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বৃহৎ বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।