সোমবার । জুন ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ জুন ২০২৬, ১:০৪ অপরাহ্ন
শেয়ার

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের রেফারিকে একসময় ‘গ্রেড ই’ বলেছিলেন ইংলিশ কোচ


tuchel

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তুরপাঁ টুখেলকে দুটি হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন

বিশ্বকাপে বুধবার ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফরাসি রেফারি ক্লেমঁ তুরপাঁ। তবে এই অভিজ্ঞ রেফারিকেই একসময় ‘গ্রেড ই’ মানের রেফারি বলে কড়া সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের বর্তমান কোচ থমাস টুখেল।

ঘটনাটি ২০২৩ সালের এপ্রিলের। তখন বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন টুখেল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তুরপাঁ টুখেলকে দুটি হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।

সেই ম্যাচে প্রথমার্ধেই পাঁচটি হলুদ কার্ড দেখান তুরপাঁ। এছাড়া বায়ার্ন ডিফেন্ডার দায়ো উপামেকানোকে আর্লিং হালান্ডকে ফাউল করার দায়ে সরাসরি লাল কার্ডও দেন। যদিও পরে ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় সেই সিদ্ধান্ত বাতিল হয়।

দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হারের পর ম্যাচ শেষে ক্ষুব্ধ টুখেল তুরপাঁর সমালোচনা করে বলেন, ‘দুটি জিনিস ম্যাচের মানের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি—একটি মাঠের অবস্থা, আর অন্যটি দুর্ভাগ্যজনকভাবে রেফারি। তিনি ছিলেন গ্রেড ই।’

টুখেল সেময় আরও বলেন, ‘আমি তাকে ১০-এর মধ্যে ১ দেব। তিনি ভয়াবহ ছিলেন। এই পর্যায়ে এমন পারফরম্যান্স অবিশ্বাস্য।’

টুখেলের অভিযোগ ছিল, তুরপাঁ প্রায় সবকিছুতেই বাঁশি বাজাচ্ছিলেন এবং বেশিরভাগ সিদ্ধান্তই বায়ার্নের বিপক্ষে যাচ্ছিল।

এদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামও তুরপাঁর কঠোর মনোভাবের অভিজ্ঞতা পেয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেইন পেনাল্টি নিতে গেলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বেলিংহ্যাম। তখন তুরপাঁ তাকে পেনাল্টি স্পট থেকে সরিয়ে দেন।

তবে টুখেল ও বেলিংহ্যামের সঙ্গে বিতর্ক থাকলেও ইউরোপের অন্যতম সেরা রেফারি হিসেবে বিবেচিত হন তুরপাঁ। তিনি ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করেছেন।

এছাড়া ইউরো ২০২৪-এও দায়িত্ব পালন করেন তিনি। সেই টুর্নামেন্টে ইংল্যান্ড ও স্লোভেনিয়ার গোলশূন্য ড্র ম্যাচের রেফারিও ছিলেন ক্লেমঁ তুরপাঁ।