রবিবার । জুন ২১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ জুন ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, সেনাসহ নিহত ৩৫


hamani-airport

ছবি: সংগৃহীত

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ ‘ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর’-এ বন্দুকধারীদের এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বন্দুকধারীদের এই হামলায় ১১ সেনাসদস্য ও ২ বেসামরিক নাগরিকসহ মোট ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জনই হামলাকারী।

হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী ‘জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (জেএনআইএম)। পাঁচ মাসেরও কম সময়ের ব্যবধানে এই কৌশলগত বিমানবন্দরটিতে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পরপরই পুরো বিমানবন্দর এলাকা বিকট বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে রাজধানীজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে ২২ হামলাকারী নিহত ও ৪ জন আহত হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে জেনারেটর, আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, হ্যান্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ জব্দ করা হয়।

কয়েক ঘণ্টার রক্তক্ষয়ী সংঘর্ষের পর সকাল গড়ানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশটির সামরিক বাহিনী। বর্তমানে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তল্লাশি চালানো হচ্ছে।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য, এই বিমানবন্দরটি একই সাথে বেসামরিক বিমান চলাচল ও সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গত এক দশক ধরে ইসলামপন্থি উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই করা নাইজারে এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে একই স্থানে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠী আরেকটি বড় হামলা চালিয়েছিল।