
ফাইল ছবি
দেশের ১৮ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নদীবন্দরগুলোতে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে এবং আবহাওয়া পর্যবেক্ষণ করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।







































