বুধবার । মে ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ মে ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী


Hajj

ফাইল ফটো

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। এখন পর্যন্ত ১৩৭টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন। বুধবার (১৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, মঙ্গলবার (১২ মে) রাত ৩টা পর্যন্ত মোট ৫৩ হাজার ৪১০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইটে গেছেন ২৫ হাজার ৮৯১ জন। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫০টি ফ্লাইটে পৌঁছেছেন ১৮ হাজার ৬৬০ জন হজযাত্রী। অন্যদিকে ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

সবমিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশ্যে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। এরপর থেকেই ধারাবাহিকভাবে ফ্লাইনাস, সৌদি অ্যারাবিয়ান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের পৌঁছে দিচ্ছে।