বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৪ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শেয়ার

মোবাইল সেবায় সারচার্জ ও সিম কর কমছে


মোবাইল সেবায় সারচার্জ ও সিম কর কমছে

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর মোবাইল সেবার ওপর আরোপিত এক শতাংশ সারচার্জ বাতিল করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে গ্রাহকদের স্বস্তি দিতে বিদ্যমান ৩০০ টাকা সিম করও কমিয়ে আনার ইঙ্গিত পাওয়া গেছে।

২০১৬ সাল থেকে পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থায়নের যোগান দিতে মোবাইল সেবার ওপর এই এক শতাংশ সারচার্জ আরোপ করা হয়েছিল। ২০২২ সালে সেতুটি চালু হলেও গ্রাহকরা এখনো প্রতি ১০০ টাকা রিচার্জে এই বাড়তি এক টাকা সারচার্জ দিয়ে যাচ্ছেন। বর্তমান শুল্ক কাঠামো অনুযায়ী, সম্পূরক শুল্ক ও ভ্যাট মিলিয়ে ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক মাত্র ৫৮ টাকার সেবা পান।

অপারেটরদের দেওয়া তথ্যমতে, গত ১০ বছরে তারা সরকারকে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে, যার মধ্যে সারচার্জের পরিমাণই প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। মোবাইল অপারেটররা মনে করছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে গত ১৫ বছরে প্রথমবারের মতো করের বোঝা কমবে সাধারণ গ্রাহকের।

শুল্কের এই চাপের কারণে দেশে ভয়েস কল ও ইন্টারনেটের খরচ কমানো সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে কলরেট ও ইন্টারনেটের দাম কমানোর দাবি জানিয়ে আসছিলেন সাধারণ ব্যবহারকারীরা। সরকারের উচ্চপর্যায়েও এই উচ্চ কর হার নিয়ে পর্যালোচনা চলছে।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, ভোক্তাদের কাছ থেকে উচ্চহারে ট্যাক্স নেওয়ার বর্তমান ব্যবস্থাটি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

এদিকে, প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা আরও ছড়িয়ে দিতে ব্রডব্যান্ড সেবাদাতারাও বর্তমানে আরোপিত পাঁচ শতাংশ ভ্যাট শূন্যে নামিয়ে আনার দাবি জানিয়েছে। আগামী বাজেটে এসব প্রস্তাব গৃহীত হলে ডিজিটাল সেবার খরচ সাধারণ মানুষের নাগালে আসবে বলে আশা করা হচ্ছে।