
ফাইল ছবি
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে। মিরপুর টেস্টে দাপুটে জয়ের পর টাইগারদের লক্ষ্য এখন সিলেটে সিরিজ নিশ্চিত করা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেল স্বাগতিক শিবির। চোটের কারণে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক ওপেনার জাকির হাসান।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাদমানের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, মিরপুর টেস্টে ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে বুকে প্রচণ্ড আঘাত পান সাদমান। তাঁর বুকে ‘ট্রমাটিক কনটিউশন’ বা আঘাতজনিত ক্ষত হয়েছে। বর্তমানে তিনি বেশ ব্যথায় ভুগছেন, যার ফলে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা সম্ভব হচ্ছে না।
সাদমানের ইনজুরিতে ভাগ্য খুলেছে জাকির হাসানের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা এই ওপেনারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেটে লিটন দাসের দলের ব্যাটিং অর্ডারে সাদমানের অভাব পূরণে জাকির বড় ভূমিকা রাখবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।
সিলেট টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।







































