
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য, তাই জনগণের অর্থের যেন কোনো অপচয় না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন সিটি করপোরেশনের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের অর্থে বাস্তবায়িত হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যয়ও যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন কার্যক্রম সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করলেও অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে।
সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার পাশাপাশি আধুনিক ও টেকসই পরিকল্পনার মাধ্যমে জনসেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।






































