শুক্রবার । মে ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শেয়ার

‘প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’


Titumir

সংগৃহীত ছবি

স্বজনপ্রীতি বা ব্যক্তিগত প্রভাবে তড়িঘড়ি করে আর কোনো অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর। তিনি বলেছেন, এখন থেকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা অভিযোগ করেন, অতীতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে কেবল কিছু মানুষের সুবিধা নিশ্চিত করতে। সে সময় পরিকল্পনা মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অকারণে বারবার প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় বৃদ্ধি করা হয়েছে, যার ফলে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। অনিয়ম ও দুর্নীতির উদাহরণ হিসেবে তিনি আলোচিত ‘বালিশকাণ্ডের’ মতো ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন।

রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর জানান, সরকার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে নতুন নীতি ও কৌশল প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়াতে সব ধরনের তথ্য নিয়মিত জনগণের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতিও দেন তিনি।