রবিবার । জুন ১৪, ২০২৬
ডেস্ক রিপোর্ট খেলা ১৩ জুন ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শেয়ার

ক্রিকেটার নাঈমকে মারধর

এসআইসহ ২ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন


Naim-Hasan

ক্রিকেটার নাঈম হাসান

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার নাঈমের চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার বাসায় গিয়ে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ তথ্য জানান। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় অন্য কেউ জড়িত থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় নাঈমকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে মারধর করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। পরে তাকে থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন এই ক্রিকেটার।

ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এছাড়া পুলিশের সোর্স সোহেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি। বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে নাঈম পরে থানা থেকে মুক্তি পান।