
‘এইমস বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াওয়ার সাঈদ
দেশের পুঁজিবাজারের শীর্ষস্থানীয় ও সুপরিচিত এবং প্রথম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এইমস বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াওয়ার সাঈদ মারা গেছেন।
শনিবার (১৩ জুন) ফজরের আগে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এইমসের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
পারিবারি সূত্রে জানা গেছে, ইয়াওয়ার সাঈদ গত ছয় মাসেরও বেশি সময় ধরে মারাত্মক ফুসফুসের ক্যানসারে (লাং ক্যানসার) ভুগছিলেন। উন্নত ও উন্নততর চিকিৎসার উদ্দেশ্যেই তিনি কিছুদিন ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। তবে চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানিয়েছে, তাঁর এই মরণব্যাধিটি একদম শেষ পর্যায়ে (লাস্ট স্টেজ) শনাক্ত হয়েছিল, যার কারণে চিকিৎসকদের পক্ষেও আর ইতিবাচক কিছু করা সম্ভব হয়নি। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ পুরো দেশের শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাঝে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।
দেশ-বিদেশে প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবন ছিল ইয়াওয়ার সায়ীদের। তার দূরদর্শী নেতৃত্বে দেশে প্রথম বেসরকারি খাতের মিউচুয়াল ফান্ড চালু হয়। পরবর্তী সময়ে তার পরিচালনায় আরও পাঁচটি মিউচুয়াল ফান্ড গঠিত হয়, যেগুলো স্বচ্ছতা ও সুশাসনের জন্য বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে।
ফান্ড ব্যবস্থাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন নীতিনির্ধারণী কমিটি ও কর্মপরিষদে সক্রিয় ছিলেন। পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব বিধিবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও ইয়াওয়ার সায়ীদ দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অপারেশন ইভ্যালুয়েশন মিশনের স্টাফ কনসালট্যান্ট ও পারফরম্যান্স অডিটর হিসেবে কাজ করেছেন। এ ছাড়া বাংলাদেশে অর্থ, শিল্প ও বাণিজ্য খাতের জন্য এডিবির কনসালটেটিভ গ্রুপ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনসহ বিশ্বব্যাংকের বিভিন্ন গবেষণা ও উপদেষ্টা সেবা প্রদান করেছেন।
তার আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এইমস অব বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, ইয়াওয়ার সায়ীদের প্রয়াণ দেশের আর্থিক খাত ও পুঁজিবাজারের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
মরহুমের মরদেহ বাংলাদেশে আনার পর জানাজার তারিখ, সময় ও স্থান যথাসময়ে জানানো হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।













































